নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত টিকটকার মাসুদ রানা। পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবন এবং ধর্মীয় বিধানকে ঘিরে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা ও তাঁর স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে আসে। গত ২৪ তারিখে তাঁর ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর গতকাল তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁরই ছোট বোনকে বিয়ে করার বিষয়টি ধর্মীয় বিধান ও সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নের জন্ম দিয়েছে।
ইসলামি শরিয়তে কী বলা আছে?
ইসলামি শরিয়ত অনুযায়ী, একই সময়ে দুই বোনকে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক তালাক বা মৃত্যুর মাধ্যমে শেষ হলে এবং প্রযোজ্য শরিয়তি বিধান ও অপেক্ষাকাল পূরণ হলে পরবর্তী বিয়ের বিষয়টি বিবেচিত হতে পারে।
এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, “আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন, তা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তাই একসঙ্গে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই। তবে স্ত্রী মারা গেলে বা তালাকের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ হলে, শরিয়তের অন্যান্য বিধান মেনে তাঁর বোনকে বিয়ে করা যেতে পারে।”
কেন শ্যালিকাকে বিয়ে করলেন মাসুদ রানা?
এ বিষয়ে আলোচিত টিকটকার মাসুদ রানা জানান, তাঁর শ্যালিকা পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তাঁদের আগে করা ভিডিওগুলোকে কেন্দ্র করে পূর্ণিমাকে হেনস্তার শিকার হতে হতে পারত। এ আশঙ্কা থেকেই তিনি প্রথম স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।