ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: নিহত ৫, আহত ৩০

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল (কেশবপুর) এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি, আমরা ভেতরে খোঁজ করছি।”

এদিকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত প্রায় ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের স্বজনরা হাসপতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন। তাদের কান্না ও চিৎকারে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স রয়েছেন। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিকট শব্দে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন লেগে যায়।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo