ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জল্পনা কল্পনা ছাড়িয়ে ১২ই মার্চ বুড়িমারী এক্সপ্রেস চালু হচ্ছে।

রাজধানী থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বুড়িমারী এক্সপ্রেস নামের এ ট্রেন চলাচল শুরু করবে ১২ মার্চ থেকে। শনিবার (৯ মার্চ) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান। বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)। কর্মশালায় বুড়িমারী এক্সপ্রেস ছাড়াও চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিনটি ট্রেন চালু করার কথা জানান রেলওয়ের মহাপরিচালক। তিনি বলেন, চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিন জোড়া আন্তঃনগর ট্রেন ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালু করা হবে। এছাড়া ঢাকা থেকে নরসিংদী এবং ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কমিউটার ট্রেন দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আমরা রেলে যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদ যাত্রা ও টিকিট বিক্রির কার্যক্রম আরো ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একই সঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার আমরা করছি। বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এটা সত্য। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ রেলওয়ের সবকিছুই খারাপ, এমনটি বলা কিন্তু ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কিন্তু বসে নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলপথমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামীতে রেলকে ভালো অবস্থায় নিয়ে যাব। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকার, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা এসএম সলিমুল্লাহ বাহারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo