ভারতের সংসদের নিম্ন-কক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কোনও দলকে ২৭২ টি আসন পেতে হয়। বিজেপি এককভাবে সেই সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে এনডিএ জোট সঙ্গীদের নিয়েই যে তাদের সরকার গড়তে হবে, সেই প্রসঙ্গ বুধবারের ভারতের সংবাদপত্রগুলিতে লেখা হয়েছে।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা শীর্ষ শিরোনামে লিখেছে ‘গণদেবতা’। তার নীচে মূল শিরোনামে লেখা হয়েছে 'কুর্সির পথে টানা ৩বার, দর্পচূর্ণ শরিক-নির্ভরতায়’।
প্রতিবেদনের প্রথম লাইনটা এরকম : “দর্পচূর্ণ করে জনতাই জনার্দন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই নিয়ে টানা তিনবার ক্ষমতায় আসার পথে এনডিএ সরকার। পাঁচবছরের পূর্ণ মেয়াদ পরপর দুবার শেষ করে এ ভাবে তৃতীয় বার ক্ষমতায় ফেরা গত ছ’দশকে প্রথম। কিন্তু বিজেপি একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পেল না।“