রাজধানীর শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী, মিরপুর-১০, রামপুরা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শনির আখড়া থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করলে আন্দোলনরতদের ঠেকাতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷ এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ বেলা সোয়া ১১টার দিকেও যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আন্দোলনরতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ৷ শনির আখড়ার কাজলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ রাজধানীর মিরপুর-১০ এলাকায় থেমে থেমে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে৷ মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে৷ পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গোলচত্বরে অবস্থান নিয়েছেন৷ আর আন্দোলনরতদের অবস্থান গোলচত্বরের পাশে আল-হেলাল হাসপাতালের সামনে৷ আর একটি অংশের অবস্থান মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে৷ বেলা ১টার দিকে প্রথম আলোর প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে৷ এর আগে ব্যাপকভাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে৷ রামপুরায় আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ সময় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।