ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ভুলের কারনে নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ।

থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০.১ ওভারে টপকে যেতে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬৬ রানে পৌঁছানোর পর শেষ বলে চার হলে ১০.৪ ওভারের ভেতর ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও বিশ্বকাপের টিকিট পাবে। এখানেই শেষ নয়, ১৬৬ রানের পর শেষ বলে ছয় মারতে পারলে ১১ ওভারের ভেতর জয় পেলেও উইন্ডিজ বিশ্বকাপে খেলার সুযোগ পেত।

এমন একাধিক সমীকরণের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিজেদের ভুলেই হাত ছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভারে ১৬২ রান ছিল ক্যারিবিয়ানদের।

জয়ের জন্য ৫ রানের প্রয়োজন হলেও পরের দুই বলে একটি চার ও একটি ছয় মারতে পারলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্টেফানি টেইলর ১০.৫ ওভারের সেই বল চার মারার জন্য লং অনে সজোরে শট খেললে বল থাইল্যান্ডের ফিল্ডারের মাথার ওপর দিয়ে ছয় হয়ে যায়। সেই সঙ্গে ম্যাচ জিতে গেলেও বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতলেও বিশ্বকাপের দরজা খুলতে পারেনি ক্যারিবিয়ানরা আর তাতেই রানে রেটে (+০.৬৪) এগিয়ে থেকে ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।

নিগার সুলতানাদের সমান ৩ জয়ে ওয়েস্ট ইন্ডিজের রান রেট (+০.৬৩)। বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ৫ জয়ে প্রথম দল হিসেবে পাকিস্তান সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo