বাংলাদেশের স্বাধীনতা লাভের পর গত ৫৪ বছরে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো দেশের রাজনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ বাঁক বদল এনে দিয়েছে। রাষ্ট্র গঠনের পর রাজনৈতিক হত্যা, সামরিক অভ্যুত্থান, ক্ষমতা দখল, গণঅভ্যুত্থান,নির্বাচনি সহিংসতাসহ ঘটে যাওয়া নানা ঘটনার ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই রয়েছে।
বাংলাদেশের পরিচলনা সূচনা হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে প্রতিষ্ঠিত হয় অস্থায়ী সরকার। শেখ মুজিবুর রহমান হন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান সৈয়দ নজরুল ইসলাম। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমেদের উপর। সেই থেকে বাংলাদেশ নামে একটি দেশ গঠিত হয়। সেই অনুষ্ঠানে পাঠিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। ২৬ মার্চ ১৯৭১ থেকে বাংলাদেশেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
১.বাকশাল গঠনঃ (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) বাংলাদেশের স্বাধীনতা মাত্র চার বছরের মাথায় সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় সরকার শাসক ব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমান । সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি।
বাংলাদেশের স্বাধীনতার পর, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়। ১৯৭৫ সালের জানুয়ারিতে আওয়ামী লীগসহ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করে, যেখানে আওয়ামী লীগের রাজনীতিকগণ প্রধান ভূমিকা পালন করেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে (বাকশাল)এই সরকার পদ্ধতি চালু করা হয়। ফলে এটি পরিচিত হয়ে উঠে বাকশাল হিসেবে।
এই পদ্ধতিতে দেশের অন্যসব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত। এজন্য দেশে -বিদেশে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বিশ্লেষকদের অনেকে মনে করেন, স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিব যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই পরিস্থিতি তাঁকে একদলীয় শাসন ব্যবস্থার পথে নিয়ে যায় বলে তারা মনে করেন। শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৬শে মার্চ ঢাকায় এক জনসভায় বাকশাল নিয়ে বক্তব্যে ঘুনেধরা সমাজ পাল্টানোর কথা বলেছিলেন।
২.শেখ মুজিব হত্যাঃ
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যেকে ধানমন্ডি -৩২ নম্বর বাসভবনে হত্যা করা হয়। একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।পরে ১৫ আগস্ট ১৯৭৫ সাল থেকে ৬ নভেম্বর ১৯৭৫ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হন।
এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বহু বছর বিদেশে নির্বাসনে থাকতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে।
মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি খোলস ছেড়ে বের হয়ে আসে। প্রতিষ্ঠিত হয় রাজনীতির আরেকটি ধারা। এর পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা রয়েছে।
৩. ১৯৭৫ সালে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যাঃ
শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় তার ফলশ্রুতিতে ৩রা নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশ পাল্টা অভ্যুত্থান করে। মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সে পাল্টা অভ্যুত্থান হয়।
শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সব কিছুর কলকাঠি নাড়ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা। তখন সেনাবাহিনীতে চেইন অব কমান্ড কার্যত ভেঙ্গে পড়েছিল। এর পাল্টা পদক্ষেপ হিসেবে আসে ৩রা নভেম্বরের অভ্যুত্থান।
এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে যখন এই অভ্যুত্থান সংগঠিত হচ্ছিল তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের চার সিনিয়র নেতাকে কারাগারের ভেতরেই গুলি করে হত্যা করা হয়।
৩ নভেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য চারজন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু খালেদা মোশাররফের এই অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র চারদিন। ৭ নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থানে নিহত হন খালেদা মোশাররফ এবং আরো কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। সে অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন সৈনিকরা। এরপর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান।
৪.জিয়ার রহমানের ক্ষমতা গ্রহণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন ও জিয়ার হত্যাকাণ্ডঃ
৩ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে অফিসাররা। ১৯৭৫ সালের ৫ই নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোশতাক আহমেদ। এরপর ৬ই নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
কিন্তু ৭ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দীদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। আবু সাদাত মোহাম্মদ সায়েম একধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। এসময় জিয়াউর রহমান ছিলেন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক।
কিন্তু এক বছর পরে ১৯৭৬ সালের ১৯শে নভেম্বর রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন।
এর পাঁচ মাস পরেই ১৯৭৭ সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদের দায়িত্ব নেন। রাষ্ট্রপতি হবার দেড় বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পাল্টা অভ্যুত্থান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে। এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খোল-নলচে বদলে দেয়। জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল নতুন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতি।
জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মধ্য-ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে। এক সংশোধনীর মাধ্যমে সংবিধানের 'বিসমিল্লাহির রহমানির রাহিম' এবং 'সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' এবং 'বাংলাদেশী জাতীয়তাবাদ' যোগ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে তিনি স্পষ্টত বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী এবং সাধারণ মানুষকে তুষ্ট করেতে চেয়েছেন। এছাড়া বাংলাদেশী জাতীয়তাবাদের নামে তিনি নতুন আরেকটি রাজনৈতিক ধারার সৃষ্টি করেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমানবাহিনীতে দফায়-দফায় অভ্যুত্থানের চেষ্টা হয়। তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্যের হাতে।। জিয়াউর রহমান ঘটনার আগের দিন তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে চট্টগ্রাম গিয়েছিলেন।
৫. এরশাদের ক্ষমতা গ্রহণ ও স্বৈরাচার এরশাদ পতনঃ
৩০ মে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর, এরশাদের রাজনৈতিক অভিলাষ প্রকাশ হয়ে পড়ে।তবে তিনি খুব তাড়াহুড়ো করেননি। ৯ মাস ধরেই ক্ষমতা দখলের প্রস্তুতি ও প্রেক্ষাপট তৈরি করেছিলেন এই সাবেক সামরিক শাসক। ২৪ মার্চ ১৯৮২ সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন। ১১ ডিসেম্বর ১৯৮৩ সাল নাগাদ তিনি প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন করেন।
রাজনীতির ক্ষেত্রে জেনারেল এরশাদ অনেকটাই জেনারেল জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন। জিয়াউর রহমানের মতো জেনারেল এরশাদের রাজনৈতিক মতাদর্শ ছিল মধ্য-ডানপন্থী। তিনি সংবিধানে সংশোধনীর মাধ্যমে 'রাষ্ট্রধর্ম ইসলাম' যুক্ত করেন। জেনারেল জিয়া যেভাবে বিএনপি গঠন করেছিলেন, ঠিক তেমনি জেনারেল এরশাদও জাতীয় পার্টি গঠন করেন। জেনারেল এরশাদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সামরিক শাসক।
জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে। গণআন্দোলনের মুখে জেনারেল এরশাদ ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর ক্ষমতা থেকে সড়ে দাঁড়ান।এরশাদের এই ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে যে রক্তাক্ত সংগ্রামের যাত্রা শুরু হয়েছিল তার পরিসমাপ্তি ঘটে।
সেই থেকে দিনটিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্র মুক্তি দিবস’, বিএনপি ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। কোনো কোনো রাজনৈতিক দল এই দিনকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবেও পালন করে থাকে। এমন কি এরশাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শহীদ নূর হোসেনের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি পালন করা হয়। নূর হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। আন্দোলনের সময় তিনি বুকে "স্বৈরাচার নিপাত যাক" এবং পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে মিছিলে যোগ দেন এবং একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন।
৬."অবাধ ও স্বচ্ছ" ১৯৯১ সালের নির্বাচন এবং বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রীঃ
এই নির্বাচনকে মনে করা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম 'অবাধ ও স্বচ্ছ নির্বাচন', যদিও এই নির্বাচনে পরাজিত দল আওয়ামী লীগ 'সূক্ষ্ম কারচুপির' অভিযোগ তুলেছিল।
এটি ছিল বাংলাদেশের পঞ্চম সংসদ নির্বাচন। এর আগে বাংলাদেশে আরো চারটি সংসদীয় নির্বাচন হলেও সেসব নিয়ে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ছিল। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
এর আগের নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে পরিচালিত হয়েছিল। কিন্তু ১৯৯১ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে প্রধান বিচারপতি সাহাবু্দ্দিন আহমেদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সে সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের কেউ নির্বাচনে অংশ নেননি। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তাতে বিএনপি জয়লাভ করে। দলের প্রধান খালেদা জিয়া ১৯৯১ সালের ২০শে মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হলেন বেগম জিয়া। বিশ্লেষকরা মনে করেন, তখনকার সময়ে বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে একজন নারী প্রধানমন্ত্রী হওয়া বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা দিয়েছিল।
৭. সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়াঃ
১৯৯১ সালের ৬ই অগাস্ট বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয়। এর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থার পুন:প্রবর্তন ঘটে। বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনী হয়েছে তার মধ্যে দ্বাদশ সংশোধনী হচ্ছে একমাত্র যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে করা হয় রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। অন্যদিকে প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদকে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ করা হয়। এছাড়া জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করা হয়।
৮. ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারঃ
বিএনপি সরকার ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলায় একটি উপ-নির্বাচনকে ইসু করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে।একই সাথে যুগপৎ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী।শেষ পর্যন্ত আন্দোলন, সংঘাত এবং সহিংসতার ভেতর দিয়ে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যায় তৎকালীন সরকার ও বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা। আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। রাস্তায় যখন সহিংস আন্দোলন চলছে তখন ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পথে এগিয়ে যায় বিএনপি সরকার। আওয়ামী লীগ এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করলে অনেকটা ভোটার-বিহীন নির্বাচন অনুষ্ঠিত করে তৎকালীন সরকার। বিএনপি ভোটার-বিহীন সেই নির্বাচনে জয়লাভের পর আবারো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন বেগম খালেদা জিয়া। সে সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
৯. একুশ বছর পর ক্ষমতায় আওয়ামী লীগঃ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত হবার পরে ১৯৯৬ সালের জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ ২১ বছরে আবারো ক্ষমতায় ফিরে আসে। ১৯৭৫ সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে নানা চড়াই-উতরাই পার করেছে দলটি। সে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ভেবেছিল, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত অবস্থান নেই। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে ১৯৯৬ সালে আবারো ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ।
১০. '১-১১, ২০০৭
২০০১ সালে বিএনপি সরকার আবারো ক্ষমতায় ফিরে আসার পর ২০০৭ সালের ২২শে জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবারো নতুন সংকট তৈরি হয়। আওয়ামী লীগের অভিযোগ ছিল, নিজেদের পছন্দমতো সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা বাড়িয়ে দেয়া হয়েছে।
তীব্র রাজনৈতিক সংকটের মুখে কে এম হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও সংকট কাটেনি। তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এতে সংকট আরো ঘনীভূত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ডাক দেয়। কিন্তু তারপরেও ২০০৭ সালের ২২শে জানুয়ারি এক তরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। এনিয়ে আন্দোলন ও সংঘাত আরো তীব্র হয়। সংঘাতময় এক রাজনীতির প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনাবাহিনী ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে বাধ্য করে। রাজনীতিতে সেনা বাহিনীর এই হস্তক্ষেপ করার ঘটনা '১-১১' হিসেবে পরিচিতি পায়।
সেনাবাহিনীর সমর্থনে এবং প্রত্যক্ষ সহযোগিতায় ড. ফখরুদ্দিন আহমদের নেতৃত্ব নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তখন ধারণা করা হত সেনা প্রধান জেনারেল মইন ইউ আহমেদ ছিলেন মূল ক্ষমতাধারী।
১১. ২০০৮ সালের নির্বাচন ও যুদ্ধাপরাধীর বিচারঃ
ড. ফখরুদ্দিনের নেতৃত্বে সরকার প্রায় দুই বছর পর ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করে। সে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালে সংগঠিত মানবতা-বিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়। সে জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। এই বিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী রাস্তায় তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে এবং সরকার বেশ কঠোরভাবে সেটি মোকাবেলা করেছে। জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা এই বিচারের জন্য অভিযুক্ত হয়েছিল।
জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেবার দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহবাগে ব্যাপক আন্দোলন গড়ে উঠে। ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জমানসহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপর তাদের ফাঁসি কার্যকর করা হয়।
১২. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলঃ
২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর আগে বাংলাদেশের আপিল বিভাগ তত্ত্বাবাবধায়ক সরকার ব্যবস্থা সর্ম্পকিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। তবে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অভিমত দিয়েছিল যে,
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি সংসদ নির্বাচন হতে পারে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বিরোধী নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এর পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আর কোন সুযোগ রইল না এই ব্যবস্থা বাতিল করে দেবার পর বাংলাদেশে আরো দুটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে দেশে-বিদেশে।
১৩. ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি। এ সময় বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে। নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টাও বিফলে গেছে। শেষ পর্যন্ত ২০১৪ সালের ৫ই জানুয়ারি একটি একতরফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারবিহীন সে নির্বাচন দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে। তবে সমালোচিত হলেও সে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে নিজেদের অবস্থার আরো সুসংসহত করে নিয়েছিল।
১৪. ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনঃ
৩০শে ডিসেম্বর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল দলিয় সরকারের অধিনে ফলে সে বিবেচনায় ২০১৮ সালের এই জাতীয় নির্বাচনের একটা ভিন্ন দিক ছিল। তবে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত এবং একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে। এই নির্বাচন নিয়ে প্রশ্ন এবং অভিযোগের পাল্লা অনেক ভারী হয়।
এই নির্বাচনের অন্যতম বদনাম হয়েছে ‘মধ্য রাতের ভোট" নামে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের একতরফা নির্বাচন বলা হয়।নির্বাচনে বিএনপির সহ আরো কয়েকটি দল একত্রিত হয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করে।এই ঐক্য ফ্রন্ট আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করেছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ একাই ২৫৮ টি আসন পেয়েছে বলে ঘোষণা করে। এই নির্বাচনে চূড়ান্ত পর্যায়ের অনিয়ম হয়েছিল বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমের কাছেও ধরা পড়েছিলো ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভর্তি বাক্স। অনেক প্রশ্ন এবং অভিযোগের মুখেও টানা তৃতীয় বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মাত্র সাতটি আসন পেয়ে শেষ পর্যন্ত সংসদে গেছে।
১৫. ৭ জানুয়ারি ২০২৪ সালের ডামি নির্বাচনঃ
আবারো গত ৫ বছরের রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় ২০২৪ সাল শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তাকে সামনে রেখে নির্বাচন নির্বাচন খেলা। সেই টানাপোড়েনের মধ্যেই ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই ডামি ও একতরফা নির্বাচন দিয়ে টানা চতুর্থ মেয়াদের জন্য ক্ষমতায় বসে আওয়ামী লীগ।
নানাদিক বিবেচনায় আর দশটা সাধারণ নির্বাচনের মতো নয় এই দ্বাদশ নির্বাচন।নির্দলীয় ও তত্ত্বাবাধয়ক সরকারের অধিনে নির্বাচন ১ দফা দাবিতে বিএনপি ও জামায়েতসহ ৬২টি রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করছিল অপরদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ মোট ২৭টি রাজনৈতিক দল দলিয় সরকারের অধিনে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহন করে। নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশলের পথ উপায় অবলম্বন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই নির্বাচনে জাতীয় পার্টি এবং যা সহ স্বতন্ত্র পার্টি দেরকে মাঠে নামানো হয়। এই নির্বাচনে ২৯৮ টি আসনের মধ্য ২২৩ টি আসন পেয়ে জয় লাভ করে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন ৬১ টি আসনের বিজয়ী। বিরোধী দল জাতীয় পার্টি পায় মাত্র ১১ টি আসন। এই নির্বাচনকে দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক মহল ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত হয়েছে।
১৬. কোটা সংস্কার আন্দোলন থেকে "৩৬" জুলাই, ৫ আগস্ট গণঅভ্যুত্থান,আওয়ামী লীগ সরকারের পতনঃ
২০২৪ সালে বাংলাদেশ জন্মের ৫৩ বছের যত রাজনৈতিক ঘঠনা আছে সব ঘঠনাকে ছাড়িয়ে যায় এই বছর, আলোচনা-সমালোচনা, শঙ্কা ও নাভিশ্বাসের মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ সাল।নির্বাচন-অভ্যুত্থানের ‘কেন্দ্রবিন্দুতে’ ছিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্য দিয়ে টানা চতুর্থ বারের মত ক্ষমতায় বসলেও, কিন্তুু সেই সরকার ৭ মাসেও টিকতে পারে নাই ক্ষমতায়। ২০২৪ সালের বছরের শুরুতে জাতীয় নির্বাচন, ছাত্র আন্দোলন, গণভ্যুত্থান, স্বৈরাচারের পতন ও নতুন সরকার গঠন—এই সবই ঘটেছে। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মাধ্যমে, যা সরকারের দমন-নিপীড়নের ফলে গণমানুষের আন্দোলনে পরিণত হয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হন। বহু প্রাণের বিনিময়ে দেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা ২০১৮ সালে হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখন চাকরিতে কোটা তুলে দিয়েছিল সরকার। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের এক রায়ে কোটা পুনর্বহাল হলে ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’’ ব্যানারে শুরু হয় নতুন আন্দোলন। ধীরে ধীরে আন্দোলনের পরিসরও বাড়তে থাকে পুরো দেশজুড়ে। তবে বিক্ষোভের অনলে ঘি ঢালেন খোদ শেখ হাসিনা নিজেই। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের 'রাজাকারের নাতি-পুতি' বলে অভিহিত করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয়গুল, । শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।’ দেশের বিভিন্ন শ্রেণির মানুষ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙায়। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। অন্যদিকে সরকার-সমর্থকদের অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছিলেন। এদিন ২০২৪ সালের ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করার ঘোষণা আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ সমন্নয়কে ২৭শে জুলাই তুলে নিয়ে যায় (ডিবি), পরে ১লা আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। ১লা আগস্ট ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ৩ রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে ঘোষণা করা হয়।৪ আগস্ট ঢাকায় লং-মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। এই ছাত্র-জনতার আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামী লীগ সর্বশক্তি প্রয়োগ করে,। ১৯ শে জুলাইয়ের পর থেকে ৫ই আগস্ট পর্যন্ত দফায় দফায় ঢাকাসহ সারাদেশে কমপ্লিট শাটডাউন,কারফিউ, ইন্টারনেট শাটডাউন চলতে থাকে। ৫ আগস্ট সোমবার সকালেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলে। গুলিতে সেদিনও অনেক শিক্ষার্থী নিহত হন। তবে দুপুর ১২টার দিকে সংবাদ মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা দেন। তখনই রাজধানীর বুকে ছাত্র-জনতার ঢল নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেয়া লাখো মানুষের সমাবেশ বেলা আড়াইটার দিকে যাত্রা করে গণভবনের দিকে। এরপর জনগণের উদ্দেশে দেয়া ভাষণে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এই কথা জানিয়ে দেন এবং অন্তবর্তী সরকার গঠনের কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল, ২০২৪ সালে এসে প্রায় ৫০ বছরের মাথায় দলটি আরো সেই ভয়ানক বিপর্যয় অবস্থায় পড়েছে।
২০২৪ সালে এসে পুরো পরিস্থিতি কীভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছালো, যাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে আসলো?
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করে, দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল। দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা। পেছনে রয়েছে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলজুড়ে ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ, বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ডেরমত ঘঠনা।
আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ মনে করে, শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এত দিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করেছেন। একই সঙ্গে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে টিকে থাকবে কি না এখন প্রশ্ন উঠেছে।
www.janatarkolom.com "
দৈনিক জনতার কলম"
২০শে মে,২০২৫।