ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আগামি ২৪ ঘন্টার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা কোয়াবের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) মধ্যে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার (১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের খেলা বন্ধে রাখবেন ক্রিকেটাররা। যার অর্থ ক্রিকেটাররা আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন। কোয়াব সভাপতি মিঠুন বলেন, ‘নাজমুল ইসলামের মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। ক্রিকেটারদের নিয়ে তার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর আগে বিসিবি পরিচালক নাজমুল সংবাদ মাধ্যমকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খোঁজা দিয়ে কথা বলেন। তিনি জানান, ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন। তার এমন মন্তব্যের প্রতিবাদে কোয়াব জুমে এক সংবাদ সম্মেলনে ডাকেন। সেখানে তারা বোর্ড পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দেন। ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটাক্ষ করে এম নাজমুল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’ এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’ এমন মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তখনও কোয়াব এর প্রতিবাদ করেছিল। ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের জন্য বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বোর্ড পরিচালক নাজমুলের বক্তব্য একান্তই তার নিজস্ব। বোর্ড এজন্য দুঃখ প্রকাশ করেছে এবং এমন মন্তব্য ক্রিকেটের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে। তাকে বোর্ড কথা বলার জন্য মুখপাত্র করেনি বলেও জানিয়েছে। বোর্ড যথাযথ ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেছে। (ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo