ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সরকার নয়, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ক্রিকেটার ও বিসিবির ছিল’।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছিল, সরকারের নয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই দাবি করেন তিনি। যদিও গত ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি সরকারেরই ছিল। ক্রিকবাজের তথ্য, তখন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেই বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন, তিনি (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সরকারের সিদ্ধান্তের ব্যাপারে খেলোয়াড়দের জানিয়েছিলেন। ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, ‘মিটিংয়ের উদ্দেশ্য ছিল শুধুমাত্র খেলোয়াড়দের জানানো, কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রেক্ষাপট দেয়া। আমি মনে করি তারা বুঝেছে। এইটাই ছিল মূল উদ্দেশ্য, আর কিছু নয়।’ তিনি আরো বলেছিলেন, ‘আমরা আইসিসি থেকে যথাযথ বিচার পাইনি। বিশ্বকাপে খেলব কি না, তা একেবারে সরকারের সিদ্ধান্ত।’ তবে মঙ্গলবার আসিফ নজরুল বলেন, ‘বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি সরকার নেয়নি, এটি বিসিবি এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত ছিল। তারা দেশের ক্রিকেট, মানুষের নিরাপত্তা এবং জাতীয় সম্মান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আইসিসি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমরা সন্তুষ্ট, তারা সহযোগিতার জন্য প্রস্তুত এবং বাংলাদেশের জন্য ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। এটি একটি অসাধারণ সাফল্য। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাই।’

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo