ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ড. মুহাম্মদ ইউনূসের ছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তবে একই সঙ্গে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তার ভাষ্য, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিলীন হয়ে যাওয়ার পর বিএনপিকেও রাজনীতি থেকে সরিয়ে দিয়ে জামায়াত ও এনসিপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, সরকারে তাদেরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং সেখান থেকে বিভিন্ন তথ্য পেয়েছেন বলে তার দাবি।

রাশেদ খান বলেন, অনেকে মনে করেন ড. মুহাম্মদ ইউনূস স্বেচ্ছায় নির্বাচন দিয়েছেন। তবে তার দাবি, তাকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে এবং আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায়নি। তাদের বক্তব্য ছিল, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া অন্যায় বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তাই গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo