ঢাকা, বাংলাদেশ ।     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অতিরিক্ত পরীক্ষার ফি নিয়ে ক্ষোভ, বরিশাল ল’ কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন।

এলএল.বি ফাইনাল ও প্রিলিমিনারি পরীক্ষার ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন খাতে নির্ধারিত ফির পরিমাণ বৃদ্ধি ও অতিরিক্ত আর্থিক চাপের প্রতিবাদে বরিশাল ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় বরিশাল ল’ কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে নগরীর হাসপাতাল রোডের কিছু অংশে প্রতিবাদ মিছিল করেন।

কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এলএল.বি ১ম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন’।

শিক্ষার্থীদের অভিযোগ, আসন্ন এলএল.বি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন খাতে ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাবজেক্ট ফি, কেন্দ্র ফি, মুটকোর্ট, ভাইভাসহ একাধিক খাতে অর্থ পরিশোধ করতে হয়। এসব ফির সঙ্গে বিভিন্ন খাতে অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আইন বিষয়ে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থীই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। একসঙ্গে একাধিক খাতে পরীক্ষার ফি পরিশোধ করতে গিয়ে তাদের আর্থিক সংকটে পড়তে হচ্ছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি কমানো ও যৌক্তিক পর্যায়ে রাখার দাবি জানান তারা।

তাদের প্রশ্ন, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে বিভিন্ন খাতে এত বেশি অর্থ নির্ধারণ করছে এবং এসব ফি নির্ধারণের যৌক্তিকতা কী—তা স্পষ্ট করা প্রয়োজন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার ফি পুনর্বিবেচনা, অযৌক্তিক ও অতিরিক্ত ফি কমানো এবং শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো প্রণয়নের দাবি জানান।

শিক্ষার্থীদের ভাষ্য, উচ্চ পরীক্ষার ফি শুধু বরিশাল ল’ কলেজের শিক্ষার্থীদের সমস্যা নয়; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন আইন কলেজের শিক্ষার্থীরাই এ ধরনের আর্থিক চাপের মুখোমুখি হচ্ছেন। তাই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ও শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo