ঢাকা, বাংলাদেশ ।     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাটে একটি সমবায় সমিতির কথিত আর্থিক অনিয়ম ও আমানত সংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-এর কথিত অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি ও মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

মামলার নথিসূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল দৈনিক কালবেলায় ‘গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ‘তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’ ও ‘তিস্তা ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী এম. এ. হাশেম ওরফে বাবুলের বিরুদ্ধে গ্রাহকদের আমানত আটকে রাখা, চড়া সুদে লেনদেন এবং নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগের তথ্য তুলে ধরা হয়। একই বিষয়ে কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

পরবর্তীতে ওই সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রংপুর সাইবার ট্রাইব্যুনালের নির্দেশে দায়ের হওয়া মামলাটির অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), লালমনিরহাট তদন্ত শুরু করেছে।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সংবাদে কোনো তথ্যগত ভুল বা অভিযোগ থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় তার প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানি না করে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার, সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও আমানত সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মানববন্ধন থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা হয়রানি করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo