ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কৃষি খাতে আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণ প্রয়োজন

কৃষি উদ্যোক্তাদের সহযোগিতা এবং তাঁদের উৎসাহ দিতে কৃষি মন্ত্রণালয়ে একটি পৃথক সেল গঠনের ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষি উদ্যোক্তারা কে কী ফসল চাষ করবেন, কোন ধরনের কৃষিপণ্য প্রক্রিয়াজাত করবেন এবং তাঁদের কী সহযোগিতা দরকার—এসব বিষয়ে দেখভাল, সহযোগিতা ও যোগাযোগ রক্ষা করবে এই সেল। শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি উদ্যোক্তা সম্মেলন-২০২১-এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে আধুনিক এবং বাণিজ্যিকীকরণ করা প্রয়োজন। এ জন্য সরকার তিন হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে। কৃষিতে এটি সর্ববৃহৎ ব্যয়। 
এ বছর সারা দেশে ২৮ হাজার কোটি টাকারও বেশি কৃষিঋণ বিতরণের খোঁজখবর রাখতে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা সঠিকভাবে ঋণ পাচ্ছেন কি না, ঋণ পেতে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অতিরিক্ত খরচ হচ্ছে কি না—এসব বিষয়ে খোঁজখবর রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের জমি বাড়ানোর সুযোগ নেই, অথচ নতুন মুখ যোগ হচ্ছে প্রতিনিয়ত। তাই ফসল যতই ভালো হোক, ১৭ কোটি মানুষকে খাওয়ানো কষ্টসাধ্য। সে জন্যই হয়তো পণ্যের দাম একটু বেড়েছে। তবে এখন আর মানুষ খাবারের কষ্ট করে না। ২৫ বছর আগেও এই সময়ে মানুষ খাবারের জন্য কষ্ট করত, তাদের হেমন্তের ধান আসা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ’ আব্দুর রাজ্জাক বলেন, ‘২০০৪ সালেও আমি নদীভাঙন এলাকায় মানুষের কষ্ট দেখেছি। অথচ বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। আশ্বিন-কার্তিক মাসের কষ্ট এখন আর নেই। সঙ্গে অনেক নতুন সম্ভাবনাও যুক্ত হয়েছে। ’
মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উন্নত ও সমৃদ্ধ কৃষির জন্য ‘ভরসার নতুন জানালা’ খুলে দেওয়ার অঙ্গীকারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশন এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন দেশের কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ভরসার নতুন জানালা’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করা হয়। দিনব্যাপী তিন পর্বে বিভক্ত এ সম্মেলনে ৩৩ জেলা থেকে বিভিন্ন কৃষি উদ্যোক্তা অংশ নেন। সাবেক কৃষিসচিব ও সম্মেলনের সমন্বয়ক
আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল, বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. আবদুল হাকিম, বিসেফের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo