ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৫ হাজার রানের মাইলফলকে কোহলি

ঘরের মাঠে দলের জয়ে শেষ পর্যন্ত উইকেটে থাকতে না পারার আক্ষেপ।তবে এসবের মধ্যেই বিরাট কোহলি ছুঁয়ে ফেলেছেন একটি মাইলফলকে।অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টের তৃতীয় দিনে রোববার এই ইনিংসের পথে ভারতীয় ব্যাটিং গ্রেট ২৫ হাজার রানের রেকর্ড গড়েছেন।

ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। তবে তার চেয়ে কম ইনিংসে এই উচ্চতায় পা রাখতে পারেননি আর কেউ। এ রেকর্ডে তিনি পেছনে ফেলেন পূর্বসূরি শচিন টেন্ডুলকারকে, আগেও বেশ কিছু রেকর্ডে যাকে তিনি ছাড়িয়ে গেছেন।  

২৫ হাজার থেকে ৫২ রান দূরে এই টেস্ট শুরু করেন কোহলি। প্রথম ইনিংসে তিনি আউট হন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ১১৫ রান তাড়ায় ভারত ৩৯ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে তিনি আউট হন ২০ রান করে। কাঙ্ক্ষিত অর্জন ধরা দেয় এর মধ্যেই। ৫৪৯ ইনিংসে ২৫ হাজার রান হলো কোহলির। টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস।

এ ছাড়া ৫৮৮ ইনিংসে ২৫ হাজার ছুঁয়েছিলেন রিকি পন্টিং, ৫৯৪ ইনিংসে জ্যাক ক্যালিস, ৬০৮ ইনিংসে কুমার সাঙ্গাকারা ও ৭০১ ইনিংসে মাহেলা জয়াবর্ধনে। ২৫ হাজার ছোঁয়া ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চাশের বেশি ব্যাটিং গড়ও একমাত্র কোহলিরই। এই ইনিংসের পর তার ব্যাটিং গড় ৫৩.৫৫। টেন্ডুলকার ক্যারিয়ার শেষ করেছেন ৭৮২ ইনিংসে ৪৮.৫২ গড়ে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo