দর্শকশূন্য গ্যালারিতে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট। এরপর ধীরে ধীরে লড়াই। প্রথমে শান্তর ফিফটি (৫৩) । পরে মুশফিকের (৭০)। এরপর সাকিবের ঝকঝকে ফিফটিতে (৭৫) বাংলাদেশের রান ২৪৬। বিশ্বচ্যাম্পিয়নরা যেখানে গড়ে প্রতি পাঁচ ম্যাচে তিনটিতে তিন’শ রান করে সেখানে তাদের জন্য ২৪৭ রান মামুলী হওয়ার কথা। কিন্তু ব্যাটিংয়ের পর বোলিংয়ে সাকিবের ঝলকে (৪ উইকেট) ম্যাচটা নিজেদের বানিয়ে নেয় বাংলাদেশ।১৯৬ রানে অতিথিদের অলআউট করে ৫০ রানের জয়ে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ড চওড়া হাসি দিলেও শেষ ম্যাচ জিতে বাংলাদেশ ভালোভাবে নিজেদের মান রেখেছে।ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে দীর্ঘদিন ধরেই ভালো করছে বাংলাদেশ। ইংল্যান্ডের আগে সর্বশেষ সাত সিরিজের সাতটিই জিতেছিল। ২০১৫ সালের পর কেবল হেরেছিল এই ইংল্যান্ডের বিপক্ষে। সেই ইংল্যান্ডের বিপক্ষে আবার ধাক্কা খায় মিরপুরে। প্রথম দুই ওয়ানডেতে তেমন লড়াই করতে পারেনি।