ফ্রান্সের ফুটবলে যেন অবসরের হিড়িক পড়েছে! দিন চারেকই হলো ৩১ বছর বয়সে ফ্রান্স জাতীয় দল তো বটেই, ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছেন ডিফেন্ডার রাফায়েল ভারান। এরপর আজ আবার ফরাসি ফুটবলপ্রেমীদের আরেক অবসরের ঘোষণার বিষাদে ডুবতে হলো। ভারানের চেয়েও হয়তো বেশি ধাক্কা দিয়ে যাবে নতুন এই অবসরের ঘোষণা – ৩৩ বছর বয়সে যে ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন প্লেমেকার আঁতোয়ান গ্রিজমান! ‘এক হৃদয়ভর্তি স্মৃতি নিয়ে জীবনের এই অধ্যায়টার শেষ টানছি। এই তেরঙায় (ফ্রান্সের পতাকার তিন রঙ) রাঙানো অসাধারণ চলার পথে যাঁরা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শিগগিরই দেখা হবে। অনেক আবেগে পূর্ণ হৃদয়ে আজ জানাচ্ছি, ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিচ্ছি আমি’ – সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণায় লিখেছেন গ্রিজমান। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স দলে অভিষেক ‘গ্রিজি’র, এক দশকের সাফল্যে রাঙানো ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে গত মাসে বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের ম্যাচটিই। প্যারিসে গত মাসে নেশনস লিগের ম্যাচের পরই একা পুরো গ্যালারির সামনে ‘ল্যাপ অব অনার’ নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন গ্রিজমান, কিন্তু তখন সম্ভবত কেউই ধারণা করতে পারেননি যে, গ্রিজমান শেষটা ঠিক করে নিয়েছেন।