ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ বিজনেস সামিট ১১ মার্চ শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ মার্চ থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি জসিম উদ্দিন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে এ সামিট বিশেষ ভ‚মিকা রাখবে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে এ আয়োজন হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে এই আয়োজন অগ্রণী ভ‚মিকা রাখবে।

তিনি বলেন, এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১২-১৫টি দেশের মন্ত্রীরা অংশ নেবেন। কয়েকটি বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উচ্চ পদস্থ কর্মকর্তারাও অংশ নেওয়ার কথা রয়েছে। ডব্লিউটিওর মহাপরিচালক এবং ইইউর ট্রেড কমিশনারকেও আনার চেষ্টা চলছে। 

বিজনেস সামিটের পাশাপাশি বেস্ট অব বাংলাদেশ এক্সপোর আয়োজন করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনাময় খাতগুলো এ প্রদর্শনীতে তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত খাবার, চামড়া, সিরামিক, পাটসহ বিভিন্ন সেক্টর। 

বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ একাধিক ব্যক্তিকে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেয়া হবে। সম্মাননার মনোনয়নের জন্য অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে বিশেষ জুরি বোর্ড গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।  

এফবিসিসিআই সভাপতি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় সামিট অনুষ্ঠিত হচ্ছে। 

দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক এবং নীতি-নির্ধারকদের নিয়ে সামিটে ৩টি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, বিটুবি মিটিং, নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনের সুপারিশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo